প্রায় ১৭ বছরের মধ্যে সর্বোচ্চ বর্ষণ হয়েছে রাজধানীতে। ফলে জলাবদ্ধতায় চরম দুর্ভোগে দিন পার করল নগরবাসী। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, ২০০৯ সালের পর গতকাল রোববার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ২০০৯ সালের বর্ষায় ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ৩৩৩ মিলিমিটার। ১৭ বছর পর গতকাল ২৪ ঘণ্টায় রেকর্ড করা হলো ১৭৫ মিলিমিটার।
ভারী বর্ষণে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন এলাকার অলিগলি ও রাজপথ। বাসাবাড়ি, দোকানপাটেও ঢুকে পড়েছে পানি। কোথাও হাঁটুপানি, কোথাও কোমর সমান পানি জমেছে। নজিরবিহীন জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। মিরপুর, গুলশান, বনানী, ফার্মগেট, ধানমন্ডি, গুলিস্তান, পুরান ঢাকা, যাত্রাবাড়ী, ধোলাইপাড়, খিলগাঁও, রামপুরা, মগবাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জলাবদ্ধতা, যানজট ও দুর্ভোগের কথা জানা যায়।
বৃষ্টিপাত বাড়ার কারণ হিসেবে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় এমন বৃষ্টিপাত হচ্ছে। তবে বর্ষায় বৃষ্টি বেশি হবে, এটাই স্বাভাবিক। তিনি জানান, দিনের সর্বোচ্চ বৃষ্টিপাত ঢাকাতেই হয়েছে। এছাড়া চট্টগ্রামে ১৬০ মিলিমিটার, কক্সবাজারে ১১৩ মিলিমিটার, আমবাগানে ১৪০ মিলিমিটার, ফরিদপুরে ১১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। খবর বাংলানিউজ ও বিডিনিউজের।
ঢাবির সব পরীক্ষা স্থগিত : এদিকে ভারি বৃষ্টিতে ক্যাম্পাসে জলাবদ্ধতা তৈরি হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজ সোমবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে ক্লাস চলবে। পরীক্ষা স্থগিতের কারণ হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার’ কথা বলেছে। গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিমাদ্রি শেখর চক্রবর্তী বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গত শনিবার রাতে থেকে শুরু হওয়া ভারি বৃষ্টির ফলে গতকাল বিশ্ববিদ্যালয়ের কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। টানা বর্ষণে পানি জমে যাওয়ায় দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, শিক্ষক ক্লাব, কেন্দ্রীয় খেলার মাঠ, নবাব স্যার সলিমুল্লাহ মুসলিম হল, নীলক্ষেত এলাকা, পলাশীর মোড়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, কুয়েত–মৈত্রী ও শহীদুল্লাহ হলসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধ অবস্থা দেখা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত–মৈত্রী হল, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল ও শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থীরা বের হতে পারছিলেন না।












