সীতাকুণ্ডে পাচারের প্রস্তুতিকালে তিন ট্রাক ইউরিয়া সার জব্দ

৮লক্ষ ৭৫ হাজার টাকায় নিলামে বিক্রি

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ১১ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৩৩ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট এলাকা দিয়ে সাগর পথে মিয়ানমারে পাচারের প্রস্তুতিকালে ২৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭০০ বস্তা ইউরিয়া সারসহ তিনটি ট্রাক জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় পাচারকারী দুইজনকে গ্রেফতার করা হয়। পরে সারগুলো ওই ঘাটেই নিলামে ৮লক্ষ ৭৫ হাজার টাকায় সন্দ্বীপের এক ডিলারের কাছে বিক্রি করে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ঘাট এলাকায় ভাটিয়ারী স্টেশন কোস্ট গার্ড অভিযান চালায়। এ সময় অবৈধভাবে সাগরপথে মিয়ানমারে পাচারের প্রস্তুতিকালে তিনটি ট্রাক থেকে কার্গো বোটে রাসায়নিক ইউরিয়া সার তোলার সময় দুইজনকে হাতেনাতে আটক করে কোস্ট গার্ড। অভিযানে ২৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭০০টি বস্তা আটক করা হয়। এসময় তিনটি ট্রাকও জব্দ করে তারা। এদিকে চট্টগ্রাম কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সাব্বির আলম সুজন বলেন জব্দ করা ইউরিয়া সার, পাচারকাজে ব্যবহৃত ট্রাক এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচারিয়ায় খাদে পড়ে গেল যাত্রীবাহী বাস, আহত ২০