সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৩ মার্চ, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

নাহিদ রানার আগুনে বোলিংয়ে প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর এবার সিরিজ নিশ্চিতের লক্ষ্য বাংলাদেশের। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে স্বাগতিকরা। দুপুর ২টা ১৫ মিনিটে ম্যাচটি শুরু হবে।

সিরিজের প্রথম ম্যাচে ব্যাটবল হাতে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত হবে টাইগারদের। প্রথম ম্যাচের ফলাফল দুই দলের অভিজ্ঞতা ও শক্তির পার্থক্য স্পষ্ট করে দিয়েছে; ফলে আজকের ম্যাচেও ফেভারিট হিসেবে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সফরে বেশ কিছু সিনিয়র খেলোয়াড়কে বাদ দিয়ে নতুন ক্রিকেটারদের সুযোগ দিয়েছে পাকিস্তান। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দল গোছাতে তরুণদের সুযোগ দিয়েছে তারা। কিন্তু প্রথম ম্যাচে শোচনীয়ভাবে ম্যাচ হারে পাকিস্তান।

দ্বিতীয় ম্যাচেও জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তিনি বলেন, এটা দুর্দান্ত শুরু ছিল। অনেকদিন পর আমরা ওয়ানডে ম্যাচ খেলেছি। চ্যালেঞ্জিং হলেও সবাই পরিস্থিতি ভালোভাবে মানিয়ে নিয়েছে। আশা করি, খেলোয়াড়দের কঠোর পরিশ্রমে আমরা সিরিজ জিততে পারব। মিরাজ আরও বলেন, বিশ্বকাপে যোগ্যতা অর্জনের জন্য প্রতিটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচ জয়ে এই মুহূর্তে আমরা আত্মবিশ্বাসী। তবে এখনও আমাদের সামনে আরও দুটি ম্যাচ আছে যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

অন্যদিকে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়ে পাকিস্তান অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি বলেন, শুরুটা যেমন চেয়েছিলাম তেমন হয়নি, তবে আমরা সিরিজে সমতা ফেরাতে আত্মবিশ্বাসী। এটি একটি তরুণ দল এবং আমি তাদের ওপর পূর্ণ আস্থা রাখছি। বোলিংব্যাটিং সব বিভাগেই আমাদের আরও ভালো বোঝাপড়া প্রয়োজন।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধবাংলাদেশের বাড়তি ডিজেলের অনুরোধ ভেবে দেখছে নয়া দিল্লি