সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ২০৪ টন ডিজেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে। গতকাল সোমবার দুপুরে জাহাজটি চট্টগ্রামের পতেঙ্গা জেটিতে ভিড়ে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। বিপিসি সূত্র জানায়, মার্চ ও এপ্রিল মাসে দেশের চাহিদা মেটাতে প্রয়োজনীয় পরিশোধিত জ্বালানি তেল আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এসব পরিশোধিত তেল মূলত ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার বিভিন্ন রিফাইনারি থেকে আমদানি করা হয়। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে কিছুটা বিঘ্ন তৈরি হলেও দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশগুলো থেকে পরিশোধিত জ্বালানিবাহী জাহাজ নিয়মিত আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বিপিসি। প্রতি মাসে গড়ে প্রায় ১৫টি চালানে পরিশোধিত জ্বালানি তেল দেশে আসে বলে জানিয়েছে সংস্থাটি।











