সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট কাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলায় সিএসসিএল ক্লাব এবং চিটাগাং রয়েল জয়লাভ করেছে। গতকাল শুক্রবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় সিএসসিএল ক্লাব ৮ উইকেটে ডবলমুরিং ক্লাবকে পরাজিত করে। টসে জিতে ডবলমুরিং প্রথমে ব্যাট করতে নামে। ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে তারা ১৩২ রান সংগ্রহ করে। দলীয় অধিনায়ক লিখন ৫৬ বল খেলে ৬৮ রানে অপরাজিত থাকেন। ৭টি চার এবং ২ঠি চ্ক্কা ছিল তার ইনিংসে। এছাড়া রায়হান ২৮ এবং রাজা ১৩ রান করেন। সিএসসিএলের পক্ষে ২টি উইকেট নেন ফয়েজ আবরার সিয়াম। জবাবে সিএসসিএল ক্লাব ১২ ওভার খেলে ২ উইকেটে ১৩৩ রান তুলে নেয়। দলের মইনুল ইসলাম মহিন ৪৯,মিফতাউল ১৯ রান করেন। জুনাইদ ৩৯ এবং আলভি ১৮ রান করে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা বিজয়ী দলের মইনুল ইসলাম মহিনের হাতে পুরস্কার তুলে দেন কন্টিনেন্টাল গ্রুপের ইনচার্জ,এডমিন আবু নাসের মোহাম্মদ মাসুক এবং ডবলমুরিং ক্লাবের কোচ ও ম্যানেজার মাসুম–উদ–দৌলা।
অপর ম্যাচে চিটাগাং রয়েল ১০৮ রানের বড় ব্যবধানে বাকলিয়া একাদশ জুনিয়রকে পরাজিত করে। চিটাগাং রয়েলের এটি দ্বিতীয় জয়। গতকাল টসে জিতে চিটাগাং রয়েল প্রথমে ব্যাট করতে নামে। ২০ ওভারে ৫ উইকেটে ১৯২ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে মাহির শাহরিয়ার ৪৭ বলে সর্বোচ্চ ৬৩ রান করেন ২টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে। এছাড়া ওয়ালি আফনান ৮টি চার এবং ১টি ছক্কায় অর্ধশত রান করেন। অন্যদের মধ্যে সাফায়েত সাবিত ১৪,আরাফাত খান ১৪ এবং নাহিদ হাসান ১৯ রান করে। অতিরিক্ত থেকে আসে ২৩ রান। বাকলিয়া জুনিয়রের পক্ষে ২টি উইকেট পান ফোরকান। জবাবে বাকলিয়া একাদশ জুনিয়র ২০ ওভার খেলে ৮৪ রানে গুটিয়ে যায়।
দলের দুই ওপেনার আকিব ৩১ এবং সোহেল ১৮ রান ছাড়া আর কেউই দুই অংকের ঘরে যেতে পারেননি। চিটাগাং রয়েলের পক্ষে মোহাম্মদ সাজ্জাদ ৪ ওভার বল করে ১৭ রান দিয়ে একাই ৫ উইকেট তুলে নেন। ২টি করে উইকেট পান মহিউদ্দিন সোহাগ এবং ইরশাদুল ইসলাম। ম্যাচ সেরা বিজয়ী দলের মাহির শাহরিয়ারের হাতে পুরস্কার তুলে দেন সিনিয়র এক্সিকিউটিভ (সিওএল) মিনহাজুল ইসলাম এবং বাকলিয়া জুনিয়রের প্রতিনিধি মোহাম্মদ মামুন।











