সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলায় আরো ৪জনের সাক্ষ্য

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:১০ পূর্বাহ্ণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আরো ৪ জন সাক্ষী। গতকাল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমানের আদালতে তারা এ সাক্ষ্য দেন। এ মামলায় মোট ৫৫ জন সাক্ষীর সাক্ষ্য রেকর্ড হয়েছে জানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি মোকাররম হোসাইন দৈনিক আজাদীকে বলেন, আগামী ৪ অক্টোবর পরবর্তী সাক্ষ্য গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। গত বছরের ২৪ জুলাই দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান বাদী হয়ে জাবেদসহ ৩১ জনের বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এ মামলাটি দায়ের করেন।

দুদক জানায়, ৩১ জনের বিরুদ্ধে মামলা হলেও তদন্তে ৩৬ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। এরই প্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে জাবেদ ও তার স্ত্রী রুকমীলা জামানসহ ৩৬ জনের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি চার্জশিট দাখিল করা হয়। এরপর ১১ মার্চ ৩৬ জন আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধসিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় ২২ হাজার কেজি লোহা ও ব্যাটারির স্ক্র্যাপসহ ৭ চোরাকারবারি আটক