সাফের হ্যাটট্রিক শিরোপার সুযোগ হাতছাড়া করতে চান না মারিয়ারা

বাংলাদেশ-ভারত ফাইনাল আজ

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৬ জুন, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছে বাংলাদেশ। আগের দুটি শিরোপা জয়ের সাক্ষী ছিলেন মারিয়া মান্দা। তবে এবার প্রথমবারের মতো অধিনায়কের আর্মব্যান্ড হাতে ফাইনালে দেশের প্রতিনিধিত্ব করছেন এই মিডফিল্ডার। গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আজ শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে বাংলাদেশভারতের শিরোপা লড়াই। ফাইনালের আগের দিন গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মারিয়ার কণ্ঠে ঝরে পড়েছে আত্মবিশ্বাস। শক্তিশালী ভারতের বিপক্ষে কোনো চাপ না নিয়ে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলেই হ্যাটট্রিক শিরোপা জিততে চান তিনি। সংবাদ সম্মেলন শেষে শিরোপা ট্রফি নিয়ে আনুষ্ঠানিক ফটোসেশনেও মারিয়ার চোখেমুখে ছিল সেই আত্মবিশ্বাসের ছাপ। সেমিফাইনালে নেপালকে হারানোর পর দলের ভেতরের ‘পজিটিভ ভাইব’ এবং খেলোয়াড়দের ফিটনেস নিয়েও আশার কথা শুনিয়েছেন মারিয়া। দলের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের টিমের সব প্লেয়ার ফিট আছে। নেপালের বিপক্ষে পিছিয়ে পড়েও আমরা জয় পেয়েছি, এটাই আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। ফাইনালে ওঠার কারণে দল মানসিকভাবে দারুণ উজ্জীবিত।’ আগের দুটি সাফজয়ী দলের সদস্য হলেও এবার অধিনায়কের দায়িত্ব থাকায় বাড়তি কোনো চাপ নিচ্ছেন না মারিয়া। বরং এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তিনি। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ক্যাপ্টেন হিসেবে এবং প্লেয়ার হিসেবে, মনের ভেতর এই সুযোগটা কাজে লাগানোর তাগিদ কাজ করছে। টানা তৃতীয়বারের মতো সুযোগ এসেছে, এমন সুযোগ সবসময় আসে না। দেশবাসীকে একটি ভালো খেলা উপহার দিতে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করব।’ গ্রুপ পর্বে ভারতের কাছে হার এবং একই হোটেলে দুই দলের অবস্থান; এসবকে মানসিক চাপ হিসেবে দেখছেন না মারিয়া। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তাদের পুরো মনোযোগ কেবল মাঠের খেলায়। দর্শকদের চাপ সামলানোর অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে মারিয়া বলেন, ‘বিগত সাফে আমরা যখন নেপালে খেলেছিলাম, তখনও সেখানে প্রচুর দর্শক ছিল এবং অনেক চাপ ছিল। আমরা সেগুলো ফেস করে চ্যাম্পিয়ন হয়েছি। তাই দর্শক বা বাইরের কোনো কিছু নিয়ে আমরা ভাবছি না। আমরা জানি ভারত শক্তিশালী দল, তবে আমরা তাদের সঙ্গে লড়াই করার জন্যই প্রস্তুত হয়েছি। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার মানসিকতা আমাদের আছে।’

বাংলাদেশ কোচ পিটার বাটলার সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দিয়েছেন, ফাইনালে সুন্দর ফুটবলের চেয়ে যেকোনো মূল্যে জয় তুলে নেওয়াই তার প্রধান লক্ষ্য। গ্রুপ পর্বের হারের কোনো প্রভাব ফাইনালে পড়বে না বলেও জানান তিনি। বাটলার বলেন, ‘আগামীকাল সম্পূর্ণ ভিন্ন এক পরিস্থিতি। ভারতের বিপক্ষে আগের হারের সঙ্গে এই ম্যাচের কোনো সম্পর্ক নেই। আমরা ফাইনালে আছি, সেটাই সবচেয়ে বড় কথা। মেয়েরা অসাধারণ দৃঢ়তা ও চরিত্র দেখিয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধচট্টলা রানারসের দৌড় প্রতিযোগিতায় অংশ নিলেন ১২ দেশের ১১৮২ রানার
পরবর্তী নিবন্ধশহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন