রাউজান উপজেলাধীন আবুরখীল খেলোয়াড় সমিতি আয়োজিত সুহৃদ বিকাশ বড়ুয়া (সানু) স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ওঠেছে উত্তর ঢাকাখালী যুবগোষ্ঠী ও তথাগত সংসদ এবং নন্দনকানন মৈত্রী সংঘ। আগামী ২৩ জুন এ দু–দল ফাইনালে পরস্পরের মোকাবেলা করবে। গতকাল শুক্রবার স্থানীয় অমিতাভ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে উত্তর ঢাকাখালী যুবগোষ্ঠী ও তথাগত সংসদ টাইব্রেকারে ৩–১ গোলে দক্ষিণ ঢাকাখালী পল্লী মঙ্গল সমিতিকে পরাজিত করে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য (০–০) ড্র ছিল। পরে টাইব্রেকারে ফাইনালিস্ট নির্ধারণ করা হয়। এই ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের গোল রক্ষক সৌরভ বড়ুয়া। তার হাতে পুরষ্কার তুলে দেন খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক সত্যজিত বড়ুয়া।
একই মাঠে অনুষ্ঠিত ২য় সেমিফাইনালে নন্দনকানন মৈত্রী সংঘ সহজেই ৩–০ গোলে বরিয়াখালী বৌদ্ধ তরুণ সংঘকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের অন্তু বড়ুয়া। তার হাতে পুরষ্কার তুলে দেন প্রয়াত সুহৃদ বিকাশ বড়ুয়া সানু ‘র জেষ্ঠ্য সন্তান সাবেক ফুটবলার ও কাস্টমস কর্মকর্তা সাজীব বিকাশ বড়ুয়া টুটুল।











