সাগরে ভেসে যাচ্ছিল ৪ পর্যটক, গ্রাম পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার

গুলিয়াখালী সমুদ্র সৈকত

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ জুন, ২০২৬ at ৫:৩২ পূর্বাহ্ণ

গুলিয়াখালী সমুদ্র সৈকতে সম্প্রতি রিফাত নামে কুমিল্লা জেলার এক পর্যটক নিহতের ঘটনার পর আবারও সাঁতার দিতে গিয়ে জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছিল ৪ পর্যটক। তবে গ্রাম পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় তারা প্রাণে রক্ষা পায়। এ বিষয়ে জানতে চাইলে মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী গ্রামের গ্রাম পুলিশ মো. সফর আলী আসিফ বলেন, কিছুদিন আগেও গুলিয়াখালী সমুদ্র সৈকতে রিফাত নামের এক পর্যটক সাগরে সাঁতার দিতে গিয়ে মারা গেছেন। দুদিন আগেও আবারও একই ঘটনার সাক্ষী হতে যাচ্ছিলাম আমরাসহ স্থানীয়রা সবাই। কিন্তু স্থানীয় বড় ভাই মো. সাইফুলের সহযোগিতায় সীতাকুণ্ড উপজেলা গ্রাম পুলিশ বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় ৪ জন যুবককে পানির তীব্র স্রোত থেকে বোটে করে উদ্ধার করতে সক্ষম হই আমরা। পরে জনসচেতনতা বাড়াতে উপজেলা প্রশাসনের নির্দেশনায় এবং মুরাদপুর ইউনিয়ন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে গুলিয়াখালী সমুদ্র সৈকতের ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে লাল পতাকা ও সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করি আমরা। তিনি বলেন, সম্প্রতি এই এলাকায় পানির তীব্র স্রোতে পর্যটক ভেসে যাওয়ার ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। তাই পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে মুরাদপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যগণ ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সতর্কীকরণ ব্যবস্থা গ্রহণ করেন। লাল পতাকা ও সতর্কতামূলক সাইনবোর্ডের নির্দেশনা সবাইকে মেনে চলার অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে ইপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম বলেন, মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালীর মত আরো অন্যান্য সমুদ্র সৈকতেও ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে লাল পতাকা ও সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে দুপক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে ২ যুবক নিহত
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব নিয়ে বাংলাদেশে যে প্রতিক্রিয়া