নগরীর পাহাড়তলীর সাগরিকা এলাকার বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরির হেলপার আকাশ দাশ খুনের ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম নাজমুল হুদা (১৯)। কুড়িগ্রাম জেলা সদর থানার পাঠানপাড়া এলাকার হাকিম মাঝির ছেলে তিনি। গত শুক্রবার রাতে গাইবান্ধা জেলার গাইবান্ধা সদরের পলাশবাড়ী পৌরসভা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আকাশ দাশ খুনের ঘটনায় তার বাবা বাবুল দাশের পাহাড়তলী থানায় দায়ের করা মামলার এজহারনামীয় আসামি গ্রেপ্তার নাজমুল হুদা।
র্যাব জানায়, বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরির কর্মচারী মাইকেলকে পূর্ব শত্রুতার জেরে একদল সন্ত্রাসী ফ্যাক্টরির গেট থেকে টেনে–হিঁচড়ে বাইরে নিয়ে গেলে আকাশ দাশ তাকে উদ্ধার করেন। এতে ক্ষুব্ধ হয়ে নাজমুল হুদাসহ ১২ থেকে ১৫ জনের একটি ‘কিশোর গ্যাং’ দল পূর্বপরিকল্পিতভাবে পরস্পর যোগসাজসে ধারালো অস্ত্র দিয়ে আকাশ দাশকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আকাশ দাশ নগরীর দক্ষিণ কাট্টলী ধোপাপাড়ার বাবুল দাশের ছেলে। ঘটনা পরবর্তী বাবুল দাশ বাদী হয়ে ছেলে খুনের ঘটনায় পাহাড়তলী থানায় একটি মামলা দায়ের করেন। র্যাব–৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন দৈনিক আজাদীকে বলেন, গ্রেপ্তার পরবর্তী নাজমুল হুদাকে পাহাড়তলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।












