হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে আয়ান মুহাম্মদ নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে পৌরসভার ৭ নং ওয়ার্ডের চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। আয়ান ওই এলাকার বাসিন্দা ও পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে ঘরের পাশে খেলছিল আয়ান। এ সময় পরিবারের সবার অজান্তে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায় সে। পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে আয়ানকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এরপর তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।












