সন্দ্বীপের গুপ্তছড়া জেটি থেকে গতকাল সন্ধ্যায় ছেড়ে যাওয়ার পরপরই চ্যানেলের মুখে আটকা পড়েছে ফেরি কপোতাক্ষ। এ সময় ফেরিতে রোগীসহ প্রায় দুইশত যাত্রী ছিল। ফেরির যাত্রী পরিবহনের দায়িত্বে থাকা আর কে এন্টারপ্রাইজের পরিচালক জগলুল হোসাইন নয়ন আজাদীকে জানান, সন্ধ্যার ফেরিতে ১৬৭ জন যাত্রীর কাছে তারা টিকেট বিক্রি করেছিলেন। এছাড়া পাশাপাশি দুটি যাত্রীবাহী বাস এবং শেষ মুহূর্তে ওঠা একটি অ্যাম্বুলেন্স রয়েছে, যেখানে একজন অসুস্থ রোগীও আটকা পড়েছেন।
ফেরি মাস্টার শামছুল ইসলাম সাইফুল আজাদীকে বলেন, সন্দ্বীপ চ্যানেলে পলি জমে নাব্যতা সংকট তৈরি হয়েছে এবং জোয়ারের সময় পন্টুনের র্যাম্পের গোড়ায় পানি জমার কারণে গাড়ি উঠতে না পারায় এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে। বর্তমানে ভাটার সময় চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় ফেরি চলাচল মারাত্মক ব্যাহত হচ্ছে এবং রুটটিতে ফেরি সার্ভিস প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরও জানান, রাতের জোয়ারের সময় ফেরি চরে আটকা পড়া থেকে ছুটলে পারলে বাশবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
ফেরিতে থাকা সন্দ্বীপ পৌরসভার বাসিন্দা মোবারক হোসেন রাজু বলেন, গুপ্তছড়া খালের মুখে বের হওয়ার সময় ঘুরাতে গিয়ে চরের সাথে আটকে যায় ফেরি। এখানে কেন্টিনও বন্ধ রয়েছে। এতগুলো মানুষ সারারাত না খেয়ে থাকতে হবে বলে উল্লেখ করেন তিনি।












