বিদ্যুৎ নিয়ে ‘সমালোচনা’-রাঙামাটিতে দুই ছাত্রদল নেতা বহিষ্কার

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ২ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:১২ অপরাহ্ণ

রাঙামাটিতে দুইদিনে পৃথক অভিযোগে কলেজ ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি ও বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে প্রচার সম্পাদককে বহিষ্কার করে জেলা ছাত্রদল।

বহিষ্কারাদেশ পাওয়া ছাত্রদল নেতারা হলেন- রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আবু আবরার আলভী এবং প্রচার সম্পাদক আরিফুল ইসলাম। এরমধ্যে আবু আবরার আলভী বিদ্যুৎ নিয়ে সমালোচনার অভিযোগ বহিষ্কার হন আর আরিফুল ইসলাম মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে পুলিশের হাতে গ্রেপ্তারের পর বহিষ্কার হন।

মঙ্গল ও বুধবারের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদল জানিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাঙামাটি পার্বত্য জেলার অধীনস্থ রাঙামাটি সরকারি কলেজ শাখার সহ-সভাপতি আবু আবরার আলভী এবং প্রচার সম্পাদক আরিফুল ইসলামকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। ছাত্রদল রাঙামাটি জেলা শাখার সভাপতি মো. অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এদিকে, বিদ্যুৎ নিয়ে সমলোচনার জেরে বহিষ্কৃত হয়েছেন বলে অভিযোগ করেছেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের বহিষ্কৃত সহ-সভাপতি আবু আবরার আলভী।

তিনি বলেন, বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার প্রতি পূর্ণ আস্থা রেখেই আমি মনে করি, জনদুর্ভোগের বিষয়গুলো নিয়ে আমাদের আত্মসমালোচনার জায়গাটিও থাকতে হবে। আমি গতকাল (মঙ্গলবার) সংগঠনের কাছে লিখিতভাবে কারণ দর্শানো নোটিসের লিখিত জবাব দিয়েছি। তবুও রাত ১০টার দিকে আমাকে বহিষ্কার করা হলো। তিনি বলেন, আমি আন্তরিকভাবে দলের কাছে লিখিতভাবে দুঃখ প্রকাশ করেছি। তবুও রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে আমার সঙ্গে এমনটি হলো।

এদিকে, বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা শহরের বিভিন্ন স্থান থেকে মাদক কারবারি, মাদকসেবী ও জিআর পরোয়ানাভুক্ত ৬ আসামিকে গ্রেপ্তারের তথ্য জানায়। এরপর রাঙামাটির কোতোয়ালি থানার জিআর পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার হওয়ায় কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক মো. আরিফুল ইসলামকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।

রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানান, গ্রেপ্তার মো. আরিফুর রহমান মাদক মামলায় পরোয়ানাভুক্ত আসামি। গ্রেপ্তারের পর বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসব প্রসঙ্গে জানতে চাইলে রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি মো. অলি আহাদ বলেন, ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুর্নিদিষ্ট অভিযোগের ভিত্তিতে দুইজনকে বহিষ্কার করা হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধইমরান ও বুশরাকে নির্জন কারাবাসে না রাখার নির্দেশ পাকিস্তান হাই কোর্টের