শ্রমিককে মারধর, চট্টগ্রাম বন্দরে কনটেইনার ডেলিভারি বন্ধ

| সোমবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:০৬ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দরে ট্রেইলর শ্রমিককে মারধরের জেরে কনটেইনার ডেলিভারি বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে কনটেইনার ডেলিভারি বন্ধ রাখেন তারা। রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কনটেইনার ডেলিভারি বন্ধ ছিল।

এ বিষয়ে বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ‌‘একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে বন্দর অভ্যন্তর থেকে কনটেইনার ডেলিভারি বন্ধ রয়েছে। সমস্যা সমাধানে শ্রমিক নেতাদের সঙ্গে কথা হচ্ছে। আশা করি দ্রুত সমস্যার সুরাহা হবে।’

শ্রমিকদের অভিযোগ, বন্দর গেট দিয়ে প্রবেশের পাস ইস্যুকে কেন্দ্র করে ট্রেইলর শ্রমিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষের সঙ্গে বন্দর গেটে কর্মরত সিকিউরিটি কর্মীর প্রথমে বাগবিতণ্ডা, এরপর ধাক্কাধাক্কি হয়। এর জেরে পণ্য পরিবহন বন্ধ করা হয়। গেটে শ্রমিক বিক্ষোভের কারণে ভয়ে অন্য পণ্যবাহী গাড়ি চলাচলও বন্ধ আছে।

প্রাইম মুভারস শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আবুল খায়ের বলেন, ‘বন্দরে প্রবেশের গেট পাসের নির্ধারিত ফি ৫৭ টাকা। কিন্তু গেটে ৫৭ টাকার বদলে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। সমিতির কোষাধ্যক্ষ মোকতার হোসেনের কাছ থেকেও বাড়তি টাকা নেওয়ার প্রতিবাদ জানালে গেট থেকে এসে বন্দরের সিকিউরিটি কর্মীরা তাকে মারধর করেন। পাঁচ নম্বর গেটে এই ঘটনার পর আমরা বন্দরকে জানালে তারা এসে আমাদের আশ্বস্ত করে। মীমাংসার প্রস্তাব দেয়। এরপর আমরা সবাই চার নম্বর গেটে গেলে সেখানে আরেক দল আমাদের দিকে তেড়ে আসে। এরপর থেকে আমরা পণ্য পরিবহন বন্ধ করে দেই।’

পূর্ববর্তী নিবন্ধস্ত্রীর ডেলিভারির সময় হাসপাতালে গিয়ে আটক চট্টগ্রামের ছাত্রলীগ নেতা