শোকাবহ আগস্ট উপলক্ষে মাসব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল মঙ্গলবার লালদিঘি পার্কে কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, শোকের মাস আগস্টকে স্মরণীয় করে রাখতে আমি চসিকের নগর পরিকল্পনা বিভাগের মাধ্যমে ২০ হাজার গাছ লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছি। গাছগুলি প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের মাধ্যমে নাগরিকদের কাছে পৌঁছে যাবে। বনজ, ফলদ ও ঔষধি গাছগুলি বিনামূল্যে পাবেন নগরবাসী। গাছগুলি বড় হলে ফল দেবে, ছায়া দেবে, স্মরণ করিয়ে দিবে বাঙালি জাতির বটবৃক্ষ বঙ্গবন্ধুকে। আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারীর তত্ত্বাবধানে কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর হাজী নুরুল হক, হাসান মুরাদ বিপ্লব, শাহেদ ইকবাল বাবু, আবদুস সালাম মাসুম, পুলক খাস্তগীর, রুমকি সেনগুপ্ত, উপ সচিব আশেক রসুল টিপু, নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমর, মইনুল হোসেন আলী চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।








