যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে দেশব্যাপী একটি জরিপ চালিয়েছে। এতে দেখা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন ৭০ শতাংশ মানুষ। গত ৮ আগস্ট আইআরআইয়ের ওয়েবসাইটে ‘ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ, মার্চ–এপ্রিল ২০২৩’ শীর্ষক জরিপ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। দেশের ৬৪টি জেলার ১৮ বছর বা তার বেশি পাঁচ হাজার অংশগ্রহণকারীর ওপর ওই জরিপ পরিচালনা করা হয় বলে জানিয়েছে সংস্থাটি। ২০২৩ সালের ১ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত দেশের ৮ বিভাগের ৬৪ জেলার ৫ হাজার প্রাপ্তবয়স্ক নাগরিকের ওপর এ জরিপ চালানো হয়।
জরিপের ফলাফলে দেখা গেছে, বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনসমর্থন ধরে রেখেছে।
বর্তমানে আলোচিত বিষয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এ বিষয়ে জরিপে বলা হয়েছে, ৪৪ ভাগ মানুষ তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মত দিয়েছেন। অপরদিকে বেশির ভাগ মানুষ মনে করেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই বিরোধী দলকে নির্বাচনে অংশ নেওয়া উচিত।
জরিপে অংশগ্রহণকারীদের ৪৪ শতাংশ বলেছেন, দেশ সঠিক পথে চলছে। ২০১৯ সালের সেপ্টেম্বরে এই হার ছিল ৭৬ শতাংশ। ৫৩ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন দেশ সঠিক পথে নেই। স্বচ্ছতা ও নিরপেক্ষতা উন্নত হলে জরিপে অংশগ্রহণকারীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে আগ্রহী বলে জানিয়েছেন।
জরিপে ৯২ শতাংশ বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে তাদের ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে। ৫৭ শতাংশ উত্তরদাতা বলেছে, তারা ‘খুব সম্ভবত’ ভোট দেবে। যারা ভোট দিতে চায় না তারা নির্বাচনী জালিয়াতি এবং ভোটার নিবন্ধন সংক্রান্ত সমস্যাকে ভোটদানের প্রধান বাধা হিসেবে উল্লেখ করেছে। আবার জরিপে অংশগ্রহণকারীদের ৫৫ শতাংশ এটাও মনে করেন যে, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ফের চালু না হলেও বিরোধী দলগুলোর উচিত আসন্ন নির্বাচনে অংশ নেওয়া। আরআরআইয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক স্টিভ সিমা বলেছেন, এটি আশাজনক যে মানুষ অবাধ, সুষ্ঠু এবং প্রতিযোগিতামূলক নির্বাচন চান। এই জরিপের ফলাফলে উঠে এসেছে বাংলাদেশিরা আগামী শীতের নির্বাচনে সত্যিকার অর্থে নিজেদের ইচ্ছার প্রতিফলন দেখতে চান।












