চট্টগ্রাম– ১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনার কারণে জনদুর্ভোগ বাড়ছে। দ্রুত ও মানসম্মতভাবে সড়ক সমপ্রসারণ কাজ শেষ করতে হবে। শুধু সড়ক প্রশস্ত করলেই হবে না, নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামো, সাইনেজ ও ড্রেনেজ ব্যবস্থাও গড়ে তুলতে হবে। কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। গতকাল সোমবার লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়াসহ বিভিন্নস্থানে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ পরিদর্শন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে সাথে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা ও লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার পাশাপাশি দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন এমপি শাহজাহান চৌধুরী। স্থানীয়রা জানান, কাজের গুণগতমান ঠিক রেখে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের প্রশস্তকরণ কাজ দ্রুত শেষ হওয়া অত্যন্ত জরুরি। কাজ সম্পন্ন হলে দুর্ঘটনা কমবে ও মহাসড়কে যাতায়াত নিরাপদ ও স্বস্তিদায়ক হবে আশা করছেন তারা।













