শিকলবাহায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখমের ঘটনায় আটক ১

| শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহায় মাদক বিক্রির প্রতিবাদ করায় মো. মহিউদ্দিন (২৪) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় মো. ফারুক নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ।

আটক ফারুক শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আহ্ছানিয়া পাড়া এলাকার মৃত আবু তালেব মাঝির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৭টার দিকে শিকলবাহা ইউনিয়নের মাস্টারহাট এলাকায় মহিউদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। মাদক বিক্রির প্রতিবাদ করায় তাকে হামলার শিকার হতে হয়েছে বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মুজিবুর রহমানের বসতবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে স্থানীয় কয়েকজনের দাবি, নিজের দায় আড়াল করতে মুজিবুর রহমান নিজেই বাড়িতে আগুন দিয়েছেন। এ দাবির বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

কর্ণফুলী থানার ওসি নূর আহমেদ বলেন, মহিউদ্দিনকে কুপিয়ে জখমের ঘটনায় ফারুকের জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাকে সঙ্গে নিয়ে ঘটনায় জড়িত অন্যদের আটক করতে অভিযান চালানো হচ্ছে। ঘটনায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

পূর্ববর্তী নিবন্ধপিবিআই-সিআইডি সেজে টাকা হাতিয়ে নিত একটি চক্র, মূলহোতা আটক