কর্ণফুলীতে ইয়াবা বিক্রির প্রতিবাদ করায় মো. মহিউদ্দিন (২৪) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর উত্তেজিত জনতা মাদক বিক্রির অভিযোগে মুজিবুর রহমান নামে এক ব্যক্তির ভাড়া বাসায় আগুন ধরিয়ে দেয় ও ভাঙচুর চালায়। আগুনে ওই বাড়িতে থাকা একটি গবাদিপশু পুড়ে মারা যায়।
গতকাল বৃহস্পতিবার রাত ৭টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের মাস্টারহাট এলাকায় ছুরিকাহতের এ ঘটনা ঘটে। এবং রাত সাড়ে ৯টার দিকে উত্তেজিত জনতা ভাড়া বাসায় আগুন ধরিয়ে ভাঙচুর চালায়। আহত মহিউদ্দিন শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আহছানিয়া পাড়া এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে বলে স্থানীয়রা জানিয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সন্ধ্যার দিকে মহিউদ্দিন ও ইব্রাহিমের মধ্যে বিরোধের জেরে মহিউদ্দিনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর পরপরই উত্তেজিত জনতা মুজিবুর রহমানের বাড়িতে আগুন দেয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।













