শাটলে যৌন হয়রানির অভিযোগ চবি ছাত্রীর

চবি প্রতিনিধি | শনিবার , ১৬ এপ্রিল, ২০২২ at ৬:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চলন্ত শাটল ট্রেনে বহিরাগত বখাটে কর্তৃক যৌন হয়রানির শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। এ ঘটনায় ক্যাম্পাসে তোলপাড় সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার রাত সোয়া সাতটার দিকে চলন্ত শাটল ট্রেনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী কলা ও মানববিদ্যা অনুষদের একটি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, আমরা ঘটনাটি শুনেছি। এটি অত্যন্ত দুঃখজনক। ভুক্তভোগী ওই ছাত্রীর সাথে আমরা যোগাযোগ করেছি। দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা করছি, কিন্ত এটা কঠিন হবে। কারণ ছাত্রীটা হেনস্তাকারীর চেহারা দেখেনি। আমরা সর্বাত্মক চেষ্টা করব।
ভুক্তভোগী ছাত্রীর বলেন, ক্যাম্পাস থেকে সাড়ে পাঁচটার শাটলের সামনে থেকে ৩/৪ নং বগিতে উঠি। একই বগিতে এক বয়স্ক একজন এবং অল্প বয়স্ক আরো দুজন লোক উঠেন। কিন্তু সময়মতো ট্রেন ছাড়েনি। এদিকে ইফতারের সময় হওয়ায় লোক দুজন ইফতার করার জন্য নেমে যান। আমি ট্রেনে বসেই করি। কিন্তু ইফতারের পর অন্য লোকেরা আর এই বগিতে উঠেননি। চলন্ত ট্রেনে হঠাৎ, কেউ একজন এসে সর্বোচ্চ শক্তি দিয়ে একহাতে আমার মুখ এবং অপর হাতে আমার মাথা চেপে ধরে। সাথে সাথেই আমি চিৎকার করি এবং হাত সরানোর চেষ্টা করতে করতে মাটিতে পড়ে যাই। আমি প্রাণপণে হাত এবং কনুই দিয়ে ঠেলে শব্দে চিৎকার করতে থাকি। হঠাৎ তার হাত ফসকে যেতেই আমার চিৎকার বাইরে যাচ্ছিলো। তখনই কোথায় যেন পালিয়ে গেল। আমি জানালা দিয়ে হাত, মাথা বের করে চিৎকার করতে থাকি। বাড়িতে এসে দেখি আমার মুখের বিভিন্ন জায়গায় নখের ছোট-বড় লাল আঁচড়। এখন আমি মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত।

পূর্ববর্তী নিবন্ধআসছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ শুনবেন নেতাকর্মীদের কথা
পরবর্তী নিবন্ধউৎসবে মেতেছিল চট্টগ্রামবাসী