শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দেশ রক্ষা তারেক মঞ্চ আয়োজিত শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী কাল ৫ জুলাই,রোববার অনুষ্ঠিত হবে। পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে বিকাল ৩টায় ফাইনাল খেলায় অংশ নেবে প্রবাসী কিংস চট্টগ্রাম ও শহীদ ওয়াসিম আকরাম একাদশ।
দু’দলে জাতীয় ও বিদেশী খেলোয়াড়রা অংশ নেবেন। ফাইনাল খেলার আগে গতকাল ৩ জুলাই এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোশাররফ হোসেন দীপ্তি। তিনি জানান, ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সংসদ সদস্য এরশাদ উল্লাহ, আবু সুফিয়ান, সাঈদ আল নোমান, নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, উপদেষ্টা, শফিকুর রহমান স্বপন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু। ফাইনাল খেলায় উদ্বোধন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সফল সমাপ্তিতে সকলের সহযোগিতা কামনা করে ফুটবলপ্রেমী দর্শকদের সুশৃঙ্খলভাবে ফাইনাল খেলা উপভোগের আমন্ত্রণ জানান।সংবাদ সম্মেলন শেষে ফাইনালে অংশগ্রহণকারী দুই দলের প্রতিনিধিদের উপস্থিতিতে ফাইনালের ট্রফি উম্মোচন করা হয়।











