শহরের পাখি,
শহর ছেড়েছি, গ্রামে দিয়েছি পাড়ি
গ্রামের বুকে ঠিক
গড়ে নেবো এক লতায় মোড়ানো বাড়ি
তোমরা ভেবো না
শহুরে পাখিটা গ্রামে কী করে থাকবে
গ্রামের হাওয়াকে
কেমন করে সে নরোম গালেতে মাখবে।
তোমরা জানো না
শহরের বুকে সবুজ দেখি না আর
আগুনের তাপে
ঘাসগুলো আজ হয়ে গেছে ছারখার
শহরের বুকে
এখন তো আর বৃক্ষ মেলে না ডানা
গাছের পাড়ায়
রয়েছে দাঁড়িয়ে পাথরের জেলখানা।
শহরে কোথাও
আকাশ দেখি না রোবট গড়েছে ঘর
সেইখানে কোনো
নেই রামধনু সকলে সবার পর
তাই আমি আজ
গ্রামে এসেছি সবুজের খোঁজ নিতে
পাখিদের সাথে,
হাওয়াদের সাথে ওড়াতে রঙিন ফিতে।
শহুরে বাতাস
বিষাক্ত খুব পাখিদের বাঁচা দায়
ফড়িং ছানারা
পাখিদের মতো আজ বড় অসহায়
গ্রামকে তোমরা
শহর করো না, সবুজ করো না দূর
মন যদি চায়
কী করে শুনবে পাখির গানের সুর!








