বাসযোগে কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে ১ হাজার ৩৭৫ পিস ইয়াবাসহ মো. জাকারিয়া (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত পৌনে ১১টার দিকে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার থানার সেকেন্ড অফিসার তীথংকর দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেপ্তার জাকারিয়া বরিশাল সদরের বগুড়া আলেকান্দার আমতলার মোড় এলাকার আব্দুল জলিলের ছেলে। পুলিশ জানায়, গোপন তথ্যে খবর পেয়ে মইজ্জ্যারটেক চেকপোস্টে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে জাকারিয়ার সঙ্গে থাকা শপিং ব্যাগ থেকে ১৩৭৫ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা রজু করা হয়। গ্রেপ্তার জাকারিয়া প্রাথমিকভাবে স্বীকার করেছেন তিনি মাদক ব্যবসায় জড়িত। তার বিরুদ্ধে মামলা রজু করে গতকাল সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।












