লোহাগাড়া ট্রমা সেন্টার আর বন্ধ হবে না

পরিদর্শনকালে এমপি শাহজাহান চৌধুরী

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ২৯ মার্চ, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, চিকিৎসকরা দায়িত্বশীল ও নিবেদিত হয়ে কাজ করলে রোগীরা সঠিক এবং সময়োপযোগী সেবা পাবে। শুধু ওষুধ বা প্রযুক্তি নয়, চিকিৎসকদের মানবিক দৃষ্টিভঙ্গিও রোগীর দ্রুত সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চিকিৎসকদের নিষ্ঠা ও মানবিকতাই মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে পারে। গতকাল শনিবার সকালে লোহাগাড়া উপজেলা ট্রমা সেন্টার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। শাহজাহান চৌধুরী স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা বৃদ্ধি ও চিকিৎসা ব্যবস্থার মান উন্নত করার লক্ষে চিকিৎসকদের আরও যত্নশীল, মানবিক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। শাহজাহান চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে এই ট্রমা সেন্টারটি পুরোদমে বন্ধ ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা এটি পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছিলাম। লোহাগাড়া উপজেলা ট্রমা সেন্টার আর বন্ধ হবে না; এটি বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। আগামীতে সবসময় এই সেন্টারটি সচল রাখতে যা যা প্রয়োজন, তার সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ ও কর্মচারীদের সাথে এই সভায় শাহজাহান চৌধুরী স্বাস্থ্যসেবার মান নিয়ে বিশদ আলোচনা করেন।

এ সময় লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নুসরাত জাহান উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আ..ম নোমান, পদুয়া ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যক্ষ আ..ম হামিদুল হক, সেক্রেটারি মাওলানা আবদুর রহমান ও ব্যবসায়ী নুরুল ইসলাম সিকদার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সম্মেলন ও বিজ্ঞান সেমিনার
পরবর্তী নিবন্ধআবদুল্লাহ আল ছগীরের ৩৫ তম মৃত্যুবার্ষিকী আজ