লোহাগাড়ায় পুকুরের পানিতে ভাসমান অবস্থায় অরুণ জলদাশ (৫২) নামে এক তবলা বাদকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ মজুমদার পাড়ার সার্বজনীর কালি মন্দিরের সামনের পুকুরে মারদেহ পাওয়া যায়। নিহত অরুণ জলদাশ একই এলাকার মৃত পশুরাম দাশের পুত্র। তিনি ব্যক্তি জীবনে অবিবাহিত এবং পেশায় একজন তবলা বাদক ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে স্থানীয় লোকজন মন্দিরে আসলে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা ব্যক্তির মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। সুরতহাল লিপিবদ্ধ শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যু সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।












