লোহাগাড়ায় ঈদের দিন দুই তরুণ গুলিবিদ্ধ

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ১ জুন, ২০২৬ at ৬:৩৪ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ঈদের দিন দুর্বৃত্তের গুলিতে দুই তরুণ গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (২৮ মে) রাত ৮টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাকফিরানী সিকদার পাড়ার মোহাম্মদ ইউনুসের পুত্র মো. রাকিব (২০) ও একই ওয়ার্ডের আদর্শ পাড়ার মো. ফরিদের পুত্র মো. জুবাইর (২১)

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনারদিন রাতে ৪ বন্ধু গল্প করে রাস্তা দিয়ে হেঁটে রাকিবের বাড়ির দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থল আখতারাবাদ কুমিরাঘোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে দুই বন্ধু রাকিব ও জুবাইর গুলিবিদ্ধ হন। এ সময় অন্য দুই বন্ধুকেও ধাওয়া করে দুর্বৃত্তরা। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে গুলিবিদ্ধ দুই তরুণকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. অনিক চন্দ্র জানান, প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, গুলিবিদ্ধের ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ১৮ মে বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা এলাকায় পৃথক দুর্বৃত্তের গুলিতে দুই রিকশা চালক গুলিবিদ্ধ হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধনগরে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়
পরবর্তী নিবন্ধবিপিসি চট্টগ্রাম থেকে সরবে না চেম্বার নেতৃবৃন্দকে অর্থমন্ত্রী