লামায় হাতির জন্য দেয়া বৈদ্যুতিক বেড়ায় স্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ২০ মে, ২০২৬ at ১০:২৩ পূর্বাহ্ণ

বান্দরবানের লামায় ফসল রক্ষায় বন্য হাতির জন্য বসানো বৈদ্যুতিক তারের বেড়ায় স্পৃষ্ট হয়ে রুবি আক্তার (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ হায়দারনাশী গ্রামে বন্যহাতির আক্রমণ থেকে ফসল রক্ষায় কৃষক গোপনে বৈদ্যুতিক তারের বেড়া ব্যবহার করেন। দক্ষিণ হায়দারনাশী এলাকার একটি কৃষিজমির পাশে গেলে বিদ্যুতায়িত হয়ে মারা যান রুবি আক্তার। নিহত রুবি আক্তার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ হায়দারনাশী গ্রামের বাসিন্দা আব্দুর শুক্কুরের স্ত্রী।

ফাঁসিয়াখালী ইউনিয়নের ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন বলেন, গিয়াস উদ্দিন চৌধুরীর আমবাগান সংলগ্ন কৃষিজমিতে তিন কৃষক ধান চাষ করেন। ধারণা করা হচ্ছে, বন্য হাতি থেকে ফসল রক্ষায় তারা বৈদ্যুতিক তারের বেড়া স্থাপন করেছিল। সেখানে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু হয়েছে।

লামা থানার ওসি মোহাম্মদ শাহজাহান কামাল জানান, ফাঁসিয়াখালী ইউনিয়নে হায়দারনাশী এলাকায় বিদ্যুতায়িত হয়ে এক নারীর মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিলেট সীমান্তে বিএসএফ-বিজিবি গুলি বিনিময়
পরবর্তী নিবন্ধস্বল্প সময়ে কাঙ্ক্ষিত ভূমি সেবা প্রদানই লক্ষ্য