বান্দরবানে লামা উপজেলায় হাত–পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মো. ছগির (৪৫)। রোববার রূপসীপাড়ায় এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, লামার রূপসীপাড়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের হাতিরঝিরি এলাকায় জুমে কাজ করতে গিয়ে স্থানীয় জুমিয়ারা পাহাড়ে লাশটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত মো. ছগির লামার রূপসীপাড়া ইউনিয়নের পূর্ব শিলেরতুয়া ছামাইছড়ি এলাকার নুর হোসেনের ছেলে।
রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। লাশের পরিচয় সনাক্ত করেছেন স্বজনরা। ওই যুবক দিনমজুরের কাজ করতেন। তবে হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, লাশের ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে জানা যাবে।













