লামায় নিখোঁজ তিন স্কুল ছাত্রী খুলশীর তিন বাসা থেকে উদ্ধার

নিজের আয়ে চলার জন্যই তারা ঘর ছেড়েছিল বলে জানিয়েছে পরিবারকে

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৬ অক্টোবর, ২০২৬ at ৫:০২ পূর্বাহ্ণ

বিদ্যালয় থেকে নিবন্ধন কার্ড আনার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন বান্দরবানের লামার তিন স্কুল ছাত্রী। তিনদিন পর গত বুধবার রাতে চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকার পৃথক তিনটি বাসা থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পরে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, নিজের আয়ে চলার জন্যই তিন কিশোরী ঘর ছেড়েছিল বলে উদ্ধার পরবর্তী পরিবারকে জানিয়েছে। এ তিন কিশোরীর বয়স যথাক্রমে ১৩, ১৪ ও ১৭ বছর। তারা বান্দরবানের লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের একই পাড়ার বাসিন্দা এবং পরস্পরের ঘনিষ্ঠ আত্মীয়। ১৩ ও ১৪ বছর বয়সী দুই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে। ১৭ বছর বয়সী কিশোরী চকরিয়ার মানিকপুর এলাকার একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, বান্দরবান থেকে নগরীর বহদ্দারহাটে এসে ঘোরাঘুরি করছিল তিন কিশোরী। সেখানে এক ব্যক্তির সাথে তাদের পরিচয় হয়। একপর্যায়ে তার মাধ্যমে অপর এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয় তাদের। তারও পরে দক্ষিণ খুলশী ও খুলশী টাউন সেন্টারের কনকর্ড টাওয়ারের তিনটি বাসায় তারা গৃহপরিচারিকার কাজ নেন। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান দৈনিক আজাদীকে বলেন, আমাদের মোবাইল টিমের সহায়তায় বান্দরবানের পুলিশ তিন কিশোরীকে উদ্ধার করে নিয়ে যায়। বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিন কিশোরীকে উদ্ধারের তথ্য নিশ্চিত করে জানান, উদ্ধার পরবর্তী তিন কিশোরীকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপর্যটকদের আর সাজেক যেতে বাধা নেই
পরবর্তী নিবন্ধইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য বর্জন করল বাংলাদেশ