কর্ণফুলীতে প্রতিবন্ধী যুবককে সুস্থ করতে গলায় লাঠি ঢুকিয়ে ‘জ্বীন তাড়ানোর’ চেষ্টার সময় অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর ঘটনায় কথিত কবিরাজ মোহাম্মদ আব্দুন নুরকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের বাবা নুর মোহাম্মদকেও (৪৮) গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল বুধবার ভোরে উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকা থেকে আব্দুন নুরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি নূর আহমেদ। গ্রেপ্তার আব্দুন নুর বড়উঠান ৬ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর গ্রামের দুলা হাজীর বাড়ির মৃত মোহাম্মদ শরীফের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত আব্দুল্লাহ জন্মের পর থেকেই প্রতিবন্ধী ছিলেন। তাকে সুস্থ করতে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নেওয়া হলেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি। প্রায় এক মাস আগে পরিবারের সদস্যরা কথিত কবিরাজ আব্দুন নুরের কাছে যান। এরপর থেকে তার পরামর্শ অনুযায়ী আব্দুল্লাহর চিকিৎসা চলছিল। গত মঙ্গলবার আব্দুন নুরের পরামর্শে আব্দুল্লাহকে সুস্থ করার নামে তার গলায় লাঠি ঢুকিয়ে ‘জ্বীন তাড়ানোর’ চেষ্টা করা হয়। এ সময় তার গলা ও নাক দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। একপর্যায়ে তার মৃত্যু হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় নিহতের মামা মো. ছালেহ (৫০) বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা কর্ণফুলী থানার এসআই মো. শাহাজাহান বলেন, গ্রেপ্তারের পর কথিত কবিরাজকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদে সে কোনো কিছু স্বীকার করেনি।
ওসি নূর আহমেদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। কথিত কবিরাজ ও নিহতের বাবাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।











