রোগী সেজে স্বর্ণের চেইন চুরি, এক্সরে করে নারীর পেটে শনাক্ত

| বুধবার , ২ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

নোয়াখালী জেনারেল হাসপাতালে এক নারীর স্বর্ণের চেইন চুরির অভিযোগে অপর এক নারীকে আটক করা হয়েছে। পরে এক্সরে করে আটক নারীর পেটে চেইনের অস্তিত্ব পাওয়া যায়। গতকাল মঙ্গলবার দুপুরে হাসপাতালের বহির্বিভাগ এ ঘটনা ঘটে জানিয়েছেন সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান। আটক সিনারা বেগম (৫০) সিলেট জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সদর উপজেলার দাদপুর ইউনিয়ন থেকে চিকিৎসা নিতে আসা বিবি ফাতেমার গলায় থাকা দুটি স্বর্ণের চেইন চুরি করে নিয়ে যায় একটি চক্র। ডাক্তার দেখানো জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় চক্রের সদস্যরা ধাক্কা দিয়ে তার গলার চেইন দুটি খুলে নেয় বলে দাবি ভুক্তভোগীর। এ সময় চক্রের অন্য সদস্যরা পালিয়ে গেলেও সন্দেহভাজন সিনারা বেগমকে আটক করেন রোগীর স্বজনরা। খবর বিডিনিউজের।

নোয়াখালী জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) রাজীব আহমেদ চৌধুরী বলেন, খবর পেয়ে হাসপাতাল ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ওই নারীকে সুধারাম মডেল থানায় নেওয়া হলে জিজ্ঞাসাবাদে সোনার চেইন দুটি গিলে ফেলার কথা জানান। এরপর এঙরে পরীক্ষার মাধ্যমে তার পেটের ভেতরে চেইন দুটির অস্তিত্ব পাওয়া যায় বলে জানান তিনি।

রাজীব আহমেদ বলেন, বর্তমানে ওই নারী হাসপাতালে ভর্তি আছেন। সার্জারি বিভাগের চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী অস্ত্রোপচারের মাধ্যমে তার পেট থেকে চেইন দুটি বের করা হবে। পুলিশ পরিদর্শক ইদ্রিসুর রহমান বলেন, ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধদীঘিনালায় প্রকাশ্যে পেলোডার দিয়ে পাহাড় কাটার অভিযোগ
পরবর্তী নিবন্ধসেপ্টেম্বরের পরও বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার