দীঘিনালায় প্রকাশ্যে পেলোডার দিয়ে পাহাড় কাটার অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ২ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের উত্তর রশিকনগর এলাকায় পেলোডার দিয়ে পাহাড় কাটার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিনে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া বেআইনীভাবে প্রকাশ্যে পাহাড় কাটার এ ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। খবর পেয়ে এদিন বিকালে ঘটনাস্থলে গিয়ে কাউকে উপস্থিত পাওয়া না গেলেও পাহাড় কাটার সত্যতা পাওয়া যায়। স্থানীয়রা জানান, দিনের বেলায় পেলোডার দিয়ে পাহাড় কাটার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে পাহাড়ধসের ঝুঁকি বাড়ছে।

পুলিশ জানায়, উত্তর রশিকনগর এলাকায় সোলেমান নামে এক ব্যক্তি পাহাড় কাটছেন বলে খবর পাওয়া গেছে। বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫এর সংশোধিত বিধান অনুযায়ী, পরিবেশ অধিদপ্তরের পূর্বানুমতি ছাড়া পাহাড় বা টিলা কর্তন বা মোচন সম্পূর্ণ নিষিদ্ধ।

দীঘিনালা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, পাহাড় কাটার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএমপিওভুক্ত শিক্ষকদের ভোটে রাখতে ফের দাবি জানাল জামায়াত