রাঙ্গুনিয়ায় করোনা আক্রান্ত হয়ে সাদ্দাম হোসেন (৩০) নামে এক প্রবাস ফেরত যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।
সাদ্দামের বাড়ি উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের সোনারগাঁও গ্রামে। এক মাস আগে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে ফিরেন। উপসর্গ থাকায় গত ১০ জুন নমুনা পরীক্ষা করতে দিলে করোনা পজিটিভ আসে তার। পরে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বিকাল ৩টার দিকে নিজ গ্রামে তাকে দাফন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা বিষয়ক ফোকাল পারসন ও মেডিক্যাল অফিসার মো. মেজবাহ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ সূত্র জানায়, রাঙ্গুনিয়ায় এ পর্যন্ত ২ হাজার ৬৪০টি নমুনায় ৫১৫ জনের করোনা পজেটিভ এসেছে। মৃত্যু হয়েছে ১২ জনের। সুস্থ হয়েছেন ৪২৪ জন। উপজেলায় করোনা রোগী ও মৃত্যুর হার ঊর্ধ্বমুখী বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।











