রাঙামাটিতে উদ্ধার হিমালয়ান গন্ধগোকুল,ফিরল সংরক্ষিত বনে

| সোমবার , ৩১ আগস্ট, ২০২৬ at ৭:৪৫ পূর্বাহ্ণ

রাঙামাটির লংগদু উপজেলা থেকে উদ্ধার করা ‘হিমালয়ান গন্ধগোকুলক’কে সংরক্ষিত বন পাবলাখালী বন্যপ্রাণী অভয়ারণ্যে ছেড়ে দিয়েছে বনবিভাগ। গতকাল রোববার দুপুরে অভয়ারণ্যের উল্টাছড়ি রেঞ্জ এলাকায় প্রাণীটিকে ছেড়ে দেওয়া হয় বলে জানান রেঞ্জ কর্মকর্তা মো. গোলাম কবির। তিনি বলেন, লংগদুর উত্তর ইয়ারাংছড়ি এলাকার বাসিন্দা মো. আব্দুর রাজ্জাক উল্টাছড়ি এলাকার কয়েকজনের কাছ থেকে গন্ধগোকুলটি কিনেছিলেন। বিষয়টি জানার পর রাঙামাটির বন সংরক্ষকের নির্দেশে শনিবার প্রাণীটি উদ্ধার করে বনবিভাগ। সেদিন অতিরিক্ত বৃষ্টি এবং উদ্ধারস্থল থেকে অভয়ারণ্যটি দূরে হওয়ায় গন্ধগোকুলটি বনে ছাড়া সম্ভব হয়নি। তিনি বলেন, রোববার দুপুরে হিমালয়ান গন্ধগোকুলকে পাবলাখালী বন্যপ্রাণী অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়েছে। এ সময় প্রাণীটি সুস্থ ও স্বাভাবিক ছিল।

পিটাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগের প্রতিষ্ঠাতা মাহফুজ রাসেল বলেন, হিমালয়ান গন্ধগোকুলকে পাহাড়ি ভামও বলা হয়। এটি নিশাচর প্রাণী। প্রাণীটি দিনের বেশিরভাগ সময় উঁচু গাছের ডালে থাকে এবং সন্ধ্যার পর খাবারের সন্ধানে বের হয়। খবর বিডিনিউজের।

রাঙামাটির বন সংরক্ষক মো. আবদুল আউয়াল সরকার বলেন, গন্ধগোকুলটির খবর পাওয়ার পর সেটি উদ্ধারের জন্য স্থানীয় রেঞ্জ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়। উদ্ধারের পর প্রাণীটির নিরাপত্তার জন্য একদিন পর পাবলাখালী বন্যপ্রাণী অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়েছে। এটি বড় সংরক্ষিত বন হওয়ায় সেখানে প্রাণীটি নিরাপদে থাকবে বলে আমরা আশা করছি।

পূর্ববর্তী নিবন্ধসিএমপির অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক ট্যুরিস্ট পুলিশে, নাজমুল হাসান কেএমপিতে