রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নে অগ্নিকাণ্ডে ছয়টি পরিবারের বসতঘর পুড়ে গেছে। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাসু দেব বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে ছয় পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।
ক্ষতিগ্রস্তরা হলেন সূপণ বিশ্বাস, রুপন বিশ্বাস, স্বপন বিশ্বাস, পরিমল বিশ্বাস, সন্ধ্যা বিশ্বাস ও বিজয় বিশ্বাস।
স্থানীয় সূত্রে জানা যায়, চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুন লাগার পর পরনের কাপড় ছাড়া ঘর থেকে কিছুই বের করতে পারেননি তারা। বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটছে তাদের।
রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শামসুল আলম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ছয়টি পরিবারের সবকিছু পুড়ে গেছে। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় আশপাশের আরও কয়েকটি পরিবার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।














