বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের ১০ দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা পেয়েছে ইরানের খেলোয়াড়রা। ইরানের গণমাধ্যমের খবর, অনেক টানাপোড়েনের পর খেলোয়াড়রা ভিসা পেলেও দেশটির কয়েকজন ফুটবল কর্মকর্তা এখনও ভিসা পাননি। হোয়াইট হাউজের পক্ষ থেকে শুক্রবার রয়টার্সকে ইরানের ফুটবলারদের ভিসা পাওয়ার খবরটি নিশ্চিত করা হয়। এর আগের দিন, মেক্সিকোয় ইরানের রাষ্ট্রদূত আবুল ফাজল পাসানদিদেহ বলেছিলেন তারা এখনও ভিসা হাতে পাননি। ইরানের আধা–রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম তাদের প্রতিবেদনে জানিয়েছে, ভিসা না পাওয়া কর্মকর্তাদের মধ্যে আছেন– প্রধান নির্বাহী মেহদি খারাটি, ফুটবল ফেডারেশনের মহাসচিব হেদায়েত মমবিনি ও মিডিয়া পরিচালক মহসেন মোতামেদকিয়া।
তাসনিমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যেসব কর্মকর্তা যুক্তরাষ্ট্রের ভিসা পাননি, তারা দলের সঙ্গে মেক্সিকো সফরে যাবেন এবং তাদের যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার জন্য কাজ চলমান থাকবে। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এবারই সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে, ৪৮ দলের। আগামী বৃহস্পতিবার মেক্সিকোয় স্বাগতিক দলের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে লড়াই। আসরটি যৌথভাবে হবে যুক্তরাষ্ট্র ও কানাডায়ও এবং ইরান তাদের সবগুলো ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রে।
গত ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সবকিছু স্বাভাবিকই ছিল; কিন্তু পরদিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে ইরানে বিমান হামলা চালায় এবং প্রথম দিনের হামলাতেই উপসাগরীয় দেশটির সর্বোচ্চ নেতাসহ সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনেক কর্মকর্তা নিহত হন। নিহত হয় একটি স্কুরের ১৬৫ জন শিশু শিক্ষার্থী। এর প্রতিশোধে আশেপাশের দেশগুলোয় পাল্টা হামলা শুরু করে ইরান। ওই যুদ্ধ শুরুর পর, যুক্তরাষ্ট্রে গিয়ে খেলতে আপত্তি জানায় ইরান এবং তাতে বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে আপাতত সব মিটে গেছে বলেই ধারণা করা যায়। বর্তমানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি চলছে।










