চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর পায়জামার বেল্টের স্থান ও আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে বহন করে আনা প্রায় সাড়ে তিন কোটি টাকা দামের ২ কেজি ১৬০ গ্রাম স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল তথ্যটি নিশ্চিত করে বলেছেন, গতকাল সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে দুবাই থেকে আসা ফ্লাইদুবাই ফ্লাইট এফজে ৪৬৩ এর যাত্রী মীরসরাইয়ের মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী ব্যাগেজ নিয়ে কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রম করছিলেন। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের গোয়েন্দা সংস্থা এনএসআই এবং ডিজিএফআই প্রতিনিধি দল তাকে চ্যালেঞ্জ করে। পরে তাকে তল্লাশি করে পাজামার বেল্টের জায়গা এবং আন্ডারওয়্যারের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্বর্ণগুলো পাওয়া যায়।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা জানান, উদ্ধার করা স্বর্ণের চালান বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। স্বর্ণ পরিবহনে জড়িত ও আটক যাত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও বিমানবন্দর সূত্র জানিয়েছে।











