মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে নবীন ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ অনুষ্ঠান গতকাল মঙ্গলবার কলেজের গ্যালারি–১ এ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাহিদ হোসেন শরীফ। প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রতিনিধি ডা. খুরশীদ জামিল চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. আব্দুস সালাম, উপদেষ্টা ও পরিচালক ডা. মোহাম্মদ শরীফ, মেরিন সিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুন নেসা এবং ইন্টার্ন কো–অর্ডিনেটর অধ্যাপক ডা. রঞ্জন কুমার নাথ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. খুরশীদ জামিল চৌধুরী নবীন চিকিৎসকদের জীবনে ইন্টার্নশিপের সময়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে নিয়মিত অধ্যয়ন, কঠোর পরিশ্রম এবং হাতে–কলমে কাজ শেখার মাধ্যমে পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান জানান। তিনি ভবিষ্যৎ কর্মজীবনে সততা, দায়িত্বশীলতা ও চিকিৎসা পেশার নৈতিক মান বজায় রাখার পাশাপাশি সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দেন।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাহিদ হোসেন শরীফ নবীন ইন্টার্ন চিকিৎসকদের ভবিষ্যৎ পেশাগত জীবন ও দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. আব্দুস সালাম ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন। তিনি নবীন চিকিৎসকদের পেশাগত জীবনে নৈতিকতা বজায় রেখে কঠোর অধ্যবসায়, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
হাসপাতালের উপদেষ্টা ও পরিচালক ডা. মোহাম্মদ শরীফ নবীন চিকিৎসকদের অনৈতিক উপার্জন ও কর্মকাণ্ড থেকে বিরত থেকে সততা ও পেশাগত মূল্যবোধ বজায় রাখার পরামর্শ দেন। প্রেস বিজ্ঞপ্তি।









