সর্বশেষ গত ২৪ জানুয়ারি একজনের মৃত্যুর পর টানা ১৭ দিন চট্টগ্রামে করোনায় কারো মৃত্যু হয়নি, বুধবার ১৭ তম দিনে নতুন ৬৬ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৪ দশমিক ১৭ শতাংশ। সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ রিপোর্টে বলা হয়, বুধবার নগরীর ৮টি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রাম মহানগর ও জেলার আওতাধীন বিভিন্ন উপজেলার ১ হাজার ৫৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন সংক্রমিত ৬৬ জনের মধ্যে ৫৭ জন শহরের এবং ছয় উপজেলার ৯ জন। এদের ৪ জন হাটহাজারীর এবং ফটিকছড়ি, সীতাকুণ্ড, আনোয়ারা, পটিয়া ও বোয়ালখালীর ১ জন করে রয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৩৩ হাজার ৭২৭ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ২৬ হাজার ৩৬১ জন ও গ্রামের ৭ হাজার ৩৬৬ জন। খবর বাসসের।
সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ৩৬৯ জনই রয়েছে। এতে শহরের বাসিন্দা ২৬৮ জন ও গ্রামের ১০১ জন। সুস্থতার ছাড়পত্র দেয়া হয় ৪৬ জনকে। ফলে মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ৩১ হাজার ২৪৬ জনে উন্নীত হলো। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪ হাজার ৩০৬ জন ও ঘরে আইসোলেশনে থেকে চিকিৎসায় সুস্থ হন ২৬ হাজার ৯৪০ জন। হোম আইসোলেশন বা কোয়ারেন্টাইনে যুক্ত হন ১০ জন ও ছাড়পত্র নেন ১৫ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৯৭৩ জন।












