মীরসরাইয়ে সিলিন্ডারবাহী ট্রাক উল্টে মহাসড়কে যানজট, ভোগান্তি

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৩৩ পূর্বাহ্ণ

ঢাকাচট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার মিঠাছড়া এলাকায় একটি দ্রুতগামী লরির ধাক্কায় গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাক উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুর ১টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। এতে সড়কে সিলিন্ডার ছড়িয়ে ছিটিয়ে পড়লে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিঠাছড়া বাজার এলাকায় চট্টগ্রামমুখী একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাককে পেছন থেকে একটি লরি ধাক্কা দিলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। এ সময় সিলিন্ডারগুলো পুরো সড়কে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আহত ট্রাকচালক মো. সাগরকে (৪৫) উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পরপরই চট্টগ্রামমুখী লেনে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সড়ক থেকে সিলিন্ডারগুলো সরিয়ে নেয় এবং যানবাহন চলাচল পুনরায় সচল করে। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ট্রাকের সিলিন্ডারগুলো খালি ছিল। সিলিন্ডার ভর্তি থাকলে বড় ধরনের অগ্নিকাণ্ড বা দুর্ঘটনার সম্ভাবনা ছিল। দ্রুততার সাথে সিলিন্ডারগুলো সরিয়ে মহাসড়ক সচল করা হয়েছে।

উল্লেখ্য, মাত্র দেড় মাস আগে মহাসড়কের নিজামপুর এলাকায় একই ধরনের সিলিন্ডারবাহী ট্রাক উল্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধমুক্তির গান
পরবর্তী নিবন্ধকেউ কাপড় কাটছেন, কেউ করছেন সেলাই