মীরসরাইয়ে আগুনে পুড়ল তিন ভাইয়ের বসতঘর

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ৬ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৩৪ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে তিন ভাইয়ের বসতঘর আগুনে পুড়ে গেছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের সুরেজ মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে পলাশ কান্তি নাথ, উত্তম কুমার নাথ ও অর্জুন কুমার নাথের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এ ঘটনায় তাদের পাশের বসতঘরের মালিক দুলাল কান্তি নাথের ঘরও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অগ্নিকাণ্ডে নগদ অর্থ, স্বর্ণালংকার, প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্রসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। দুলাল কান্তি নাথ জানান, সন্ধ্যার পর হঠাৎ ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় ঘরগুলোতে কেউ ছিল না। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

ক্ষতিগ্রস্ত উত্তম কুমার নাথের স্ত্রী চন্দনা রানি দেবী বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার ঘটনা দেখে তার স্বামী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। এ সময় ৩টি পরিবারের ঘর পুড়ে ছাই হয়ে যায়। ওই বাড়িতে ১০ থেকে ১৫টি বসতঘর ছিল।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীকে পাশে রেখে মির্জা আব্বাসের আবেগঘন বক্তব্য
পরবর্তী নিবন্ধনিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা