রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের দুটি মনোনয়নপত্র জমা পড়েছে। গতকাল বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনি কর্তা এএমএম নাসির উদ্দিনের কাছে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
মনোনয়নপত্র জমার শেষ সময় বিকাল ৪টা পার হওয়ার পরে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, আমরা এ যাবত তিনটি মনোনয়নপত্র পেয়েছি। এর মধ্যে অলি আহমদের দুটি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা মনোনয়নপত্র পেয়েছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী দুজন। খবর বিডিনিউজের।
ঘোষিত তফসিল অনুযায়ী, ১৬ আগস্ট নির্বাচন কর্তার কার্যালয়ে সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। সহযোগিতা করার জন্য সংসদ সচিবালয় থেকে একজন কর্মকর্তা থাকবেন। গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় জামায়াত নেতৃত্বাধীন ঐক্যের প্রার্থীর একটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়। বিকালে জোটের তরফে আরেকটি মনোনয়নপত্র জমা দেয়।
অলি আহমদের দুটি মনোনয়নপত্র জমার বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, যাচাই–বাছাইয়ে প্রথমটা বৈধ হয়ে গেছে, দ্বিতীয়টা বাছাইয়ের দরকার নেই।









