রাজধানীর যাত্রাবাড়ি থেকে এক গৃহবধূর লাশ উদ্ধারের পর পুলিশ বলছে, তাকে তার স্বামী হত্যা করে পালিয়েছে। নিহত রুপা আক্তার (৩০) বাসা বাড়িতে কাজ করতেন। তার স্বামী আব্দুল জাহের (৪০) দিনমজুর; মাঝে মাঝে রিকশাও চালান।
গোবিন্দপুরের আবু তাহেরের বাড়ি থেকে গতকাল শনিবার সকালে রুপার লাশ উদ্ধার করা হয় বলে ওয়ারি বিভাগের উপকমিশনার শাহ ইফতেখার আহমেদ জানান। তিনি বলেন, তাদের আট বছরের ছেলের কান্নার শব্দে প্রতিবেশীরা ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। রুপার বুকের বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ‘পারিবারিক বিরোধের জের ধরে’ ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে জাহের হত্যা করে পালিয়েছে বলে পুলিশের ধারণা। খবর বিডিনিউজের।










