দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। টানা ভারী বর্ষণ ও উজানের পানিতে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেটসহ বেশ কয়েকটি জেলার বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এমন মানবিক সংকটের সময়ে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বন্যাদুর্গতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান। নিজের পোস্টে তটিনী লেখেন, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ দেশের ৭টির বেশি জেলা এখন পানির নিচে। হাজারো ঘর–বাড়ি তলিয়ে গেছে। মানুষ ছাদে, আশ্রয়কেন্দ্রে না খেয়ে দিন কাটাচ্ছে। তিনি আরও লেখেন, আমরা যারা ভালো আছি, আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। খবর বাংলানিউজের।
১ প্যাকেট শুকনো খাবার, ১ বোতল পানি অনেক বড় সাহায্য হতে পারে। পাশাপাশি বন্যাকবলিত মানুষদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়ে এই অভিনেত্রী বলেন, ভালো আশ্রয়স্থলে স্থান নিন এবং অন্যকে যতটুকু সম্ভব সাহায্য করুন। বন্যাদুর্গত মানুষের জন্য দোয়া চেয়ে তটিনী লেখেন, আল্লাহ বন্যাদুর্গত সবাইকে হেফাজত করুন। আমিন। তার এই পোস্টের কমেন্ট বক্সেও মানবিক বার্তা দেখা গেছে। সেখানে তিনি লেখেন, আল্লাহ বাংলাদেশের সকল জেলার মানুষকে বন্যা হতে হেফাজত করুক।
তটিনীর এই মানবিক আহ্বান সামাজিকমাধ্যমে প্রশংসা পাচ্ছে। তার ভক্ত–অনুরাগীরা মনে করছেন, দেশের এই দুর্যোগময় সময়ে সচেতনতা তৈরি এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে তারকার এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।












