তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে দল–মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।
তিনি বলেন, মাদক কেবল নিয়ন্ত্রণ করাই আমাদের মূল লক্ষ্য নয়, আমাদের চূড়ান্ত উদ্দেশ্য হলো সমাজ থেকে একে সম্পূর্ণরূপে নির্মূল করা। মাদক এক নিঃশব্দ ঘাতক–যা একটি সম্ভাবনাময় প্রাণের ইতি ঘটায়, একটি পরিবারকে নিঃস্ব করে এবং পুরো জাতির ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেয়।
গত বৃহস্পতিবার বিকেলে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে জেলা পুলিশ আয়োজিত এক মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, মাদকের বিরুদ্ধের এই সংগ্রামে বাংলাদেশের প্রতিটি পরিবারকে সচেতনতার দুর্গে পরিণত হতে হবে। পরিবারের অভিভাবক থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষকে যার যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
তরুণদের সঠিক দিশা দেখানোর গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের তরুণদের হাতে মাদকের পরিবর্তে বই, খেলার সরঞ্জাম ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে দিতে হবে। তারা যেন কোনোভাবেই পথ না হারায়, সে জন্য খেলাধুলা, সুস্থ বিনোদন ও শিক্ষামূলক কার্যক্রমে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। মাদকের জোগান বন্ধে কুখ্যাত মাদক কারবারিদের বিরুদ্ধে যেমন কঠোর আইনি ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে, তেমনি মাদকের চাহিদা শূন্যে নামিয়ে আনতে পাড়া–মহল্লায় এক অপ্রতিরোধ্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে আয়োজিত উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং, বান্দরবান জেলা প্রশাসক সানিউল ফেরদৌসসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












