নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পড়াশোনার সময় স্কুলের বড় ও ছোট মাঠে খেলাধুলা এবং নিয়মিত অ্যাসেম্বলিতে অংশ নেওয়ার স্মৃতি এখনও মনে রয়েছে। বর্তমানে সেই প্রতিষ্ঠানের সঙ্গে আবারও সম্পৃক্ত হওয়ার সুযোগ পাওয়া সৌভাগ্যের বিষয়, যা কিনা রাজনীতির ব্যস্ততার বাইরে এ ধরনের আয়োজন একটি ‘রিফ্রেশিং’ অভিজ্ঞতা। দীর্ঘদিন পর সহপাঠী, শিক্ষক ও স্কুলের সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে এমন একটি পরিবেশে আসতে পেরে আমি আনন্দিত। শুক্রবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবে কলেজিয়েট ক্লাব আয়োজিত ইনডোর স্পোর্টস জোন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী। তিনি বলেন, স্কুলে পড়াশোনার সময়ের স্মৃতি এবং শিক্ষক–সহপাঠীদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কুলের সঙ্গে মানুষের সম্পর্ক শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি জীবনের ভিত্তি তৈরি করে। স্কুলজীবনে অর্জিত শিক্ষা ও মূল্যবোধ পরবর্তী জীবনের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিজের জীবনে স্কুলের সেই শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েই পরবর্তী শিক্ষাজীবন ও কর্মজীবনে এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, মানুষের জীবনে স্কুলজীবনের বন্ধন সবচেয়ে শক্তিশালী আর অ্যালামনাই ক্লাব সেই বন্ধন আরো দৃঢ় করে। শিক্ষাজীবনের শুরুতে গড়ে ওঠা বন্ধন দীর্ঘদিন পরও মানুষের মনে গভীর প্রভাব ফেলে। অ্যালামনাই ক্লাবের মতো উদ্যোগ সাবেক শিক্ষার্থীদের সেই সম্পর্ক পুনরুজ্জীবিত করার সুযোগ সৃষ্টি করে। অ্যালামনাই ক্লাবের মাধ্যমে বহু বছর পর সাবেক শিক্ষার্থীদের একত্রিত হওয়ার সুযোগ তৈরি হয়। বিশেষ করে অবসরজীবনে থাকা সাবেক শিক্ষার্থীরা এখানে এসে খেলাধুলা করতে পারেন, বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন এবং পারস্পরিক যোগাযোগ বজায় রাখতে পারেন, যা একটি অত্যন্ত ইতিবাচক উদ্যোগ।
অ্যালামনাই ক্লাবের কার্যক্রম আরো সমপ্রসারিত করার আহ্বান জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যালামনাই সংগঠন রয়েছে। কলেজিয়েট ক্লাবও ভবিষ্যতে আরো কার্যকর ও শক্তিশালী হয়ে সাবেক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা এবং প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। অনুষ্ঠানে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, অধ্যাপক ড. মোহীত উল আলম সহ সাবেক কলেজিয়েটিয়ান, স্কুলের সাবেক শিক্ষার্থী, অ্যালামনাই সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












