মহেশখালীতে নবদূত ক্লাবের বিজয় দিবস ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট

| রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

মহেশখালীর কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে নবদূত যুব উন্নয়ন ক্লাবের ব্যবস্থাপনায় ও জিয়াউর রহমান মাতব্বরের পৃষ্ঠপোষকতায় আয়োজিত বিজয় দিবস ট্রফি২০২৫’ শেষ হয়েছে। গত শুক্রবার চূড়ান্ত খেলায় ফয়সাল আমিন ক্রিকেট একাডেমিকে ২ উইকেটে হারিয়ে শিরোপা জয় করে নেয় উত্তর নলবিলা ব্রাদার্স এসোসিয়েশন। ফাইনাল খেলায় টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ফয়সাল আমিন ক্রিকেট একাডেমি ৫ উইকেটে ২২৫ রান সংগ্রহ করে। জবাবে উত্তর নলবিলা ক্রিকেট একাডেমি ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ম্যাচজয়ী ইনিংস খেলে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হয়েছেন আব্দুল আমিন জাম্বু। এছাড়া পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ হয়েছেন মাঈদুল ফাহাদ। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মহেশখালীর কৃতী সন্তান, চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম নছরুল কদির। এসময় বক্তব্যে তিনি বলেন, বিজয় দিবসের এই বিশেষ ক্ষণে তরুণদের মাঠে ফেরাতে এমন আয়োজন প্রশংসার দাবি রাখে। নবদূত ক্লাব ৩০ বছর ধরে এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখেছে। বিজয়ী ও বিজিত উভয় দলই চমৎকার খেলেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহেশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, এলাকার সন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল নাজমুল হোছাঈন সিদ্দিকী, কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আহমেদ, দৈনিক পূর্বদেশের সহসম্পাদক এস এম আজিজুল কদির, পৃষ্ঠপোষক জিয়াউর রহমান মাতব্বর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আয়োজক কমিটির সদস্যরা। আয়োজকদের পক্ষ থেকে টুর্নামেন্টের আহ্বায়ক জাহেদুল করিম হিরণ এবং নবদূত যুব উন্নয়ন ক্লাবের সাধারণ সম্পাদক এস এম এরফানুল হক সবাইকে ধন্যবাদ জানান।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ফুটবল রেফারিজ এসো’র আহবায়ক মিরন
পরবর্তী নিবন্ধরাফি স্মৃতি ক্রিকেটে রেজিস্ট্রেশন শুরু