মহেশখালীতে জলদস্যু জমির অস্ত্রসহ আটক

মহেশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ at ১০:০৭ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় জেলে হত্যার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে মহেশখালী থেকে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত জলদস্যু জমির উদ্দিনকে (৪০) আটক করেছে কোস্টগার্ড। গতকাল বুধবার রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৫ ফেব্রুয়ারি কুতুবদিয়ার পশ্চিমদক্ষিণে গভীর বঙ্গোপসাগরে ‘এফবি আজুফা আক্তার মানু’ নামের একটি ফিশিং বোটে জমির উদ্দিন বাহিনীর গুলিতে কুতুবদিয়ার শাহাদাত হোসেন খোকন নামে এক জেলে নিহত হন। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়। এ ঘটনায় জড়িত আসামিদের আটকে কোস্টগার্ড গোয়েন্দা নজরদারি বাড়ায়। তিনি আরও বলেন, এর ধারাবাহিকতায় গতকাল দুপুর ২টার দিকে মহেশখালীর মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্রসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে জমির বাহিনীর প্রধান ও হত্যা মামলার প্রধান আসামি জমির উদ্দিনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোনাদিয়া দ্বীপের প্যারাবন এলাকা থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আটক জমির উদ্দিন মহেশখালী উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে জমির বাহিনীর প্রধান হিসেবে ডাকাতি করে আসছিলেন বলে জানিয়েছে কোস্টগার্ড। জব্দ করা অস্ত্র, গোলাবারুদ ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্টগার্ড আরও জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের জীবনাবসান
পরবর্তী নিবন্ধসঠিকভাবে হাত ধুলে অনেক সংক্রামক রোগ থেকে মুক্তি সম্ভব