ভোট ডাকাতি করে আমার বিজয় ছিনিয়ে নিয়েছে : শাহাদাত

ইসির বিরুদ্ধে মামলা করব

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১২ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৪৮ পূর্বাহ্ণ

অনতিবিলম্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন ডা. শাহাদাত হোসেন। নির্বাচন কমিশনকে ‘নির্লজ্জ কমিশন’ উল্লেখ করে শাহাদাত বলেন, ‘এই কমিশনের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয় নি। ভোট ডাকাতি করে আমার বিজয় ছিনিয়ে নিয়েছে।’ তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর লাভ লেনস্থ
নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন।মহানগর বিএনপির আহ্বায়ক ও সদ্য শেষ হওয়া চসিক নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন ও সরকার প্রশাসন নিরপেক্ষ না হলে নির্বাচন যে সুষ্ঠু হয় না তার প্রমাণ চট্টগ্রাম চসিক নির্বাচনে দেশের জনগণ ও আপনারা সাংবাদিকবৃন্দ খুব কাছে থেকে দেখেছেন।
ডা. শাহাদাত বলেন, ‘এই নির্বাচন কমিশন ভোট ডাকাতি করার জন্য নির্বাচনে ইভিএম ব্যবহার করছে। আপনারা দেখেছেন অনেক দৈনিক পত্রিকায় হেডলাইন হয়েছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ‘ভয়াবহ ভুতড়ে কাণ্ড ঘটেছে’ যার মূল কারণ ইভিএম এর ব্যবহার। কারণ এই ইভিএমে ‘ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রাইল’ (ভিভিপিএটি) ব্যবহার অপরিহার্য ছিল। কিন্তু এই ইভিএমের সেটি নেই। যার ফলে ইভিএম একটি ভোট ডাকাতির মেশিন ছাড়া আর কিছুই নয়।’
ডা. শাহাদাত হোসেন আরো বলেন, ‘আমি গত ৩১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা বরাবর দু’টো চিঠি দিয়েছিলাম। একটিতে আমি ৭৩৩ কেন্দ্রের ৪,৮৭৮টি বুথের ইভিএমের প্রিন্টিং রেজাল্ট চেয়েছিলাম। অন্যটিতে প্রতি ঘণ্টায় ভোটের পার্সেন্টেজ কত ছিল তা চেয়েছিলাম। কিন্তু গত দশ দিন অতিবাহিত হওয়ার পরও তারা দু’টির একটিও দিতে পারে নি।’
ডা. শাহাদাত হোসেন বলেন, ‘সিটি নির্বাচন হয়েছিল ইভিএমে, তাই ভোটের রেজাল্ট দিতে সময় লাগতে পারে এক থেকে দু’ঘণ্টা। কিন্তু তাদের ভোট চুরি করতে আরো সময় লেগেছে ১০ ঘণ্টা। ভোট যে চুরি করেছে তাও ঠিক মত চুরি করতে পারে নি। তাতেও গরমিল, পত্রপত্রিকায় হেডলাইন হয়েছে। প্রথম যে দিন ৭৩৩ সেন্টারের রেজাল্ট ঘোষণা দিয়েছিল সেদিন আমাকে দু’টি সেন্টারে ০ ভোট দেখানো হয়েছিল। তিনদিন পর আরেকটি রেজাল্ট সিটে দেখা গেল আমাকে ২২ টি কেন্দ্রে ০ ভোট দেখানো হয়েছে, এতে বুঝা যায় তারা কি পরিমাণ ভোট জালিয়াতি করেছে।’
উপস্থিত সাংবাদিকদের সামনে এসব অভিযোগ উত্থাপন করে ডা. শাহাদাত বলেন, আমরা অনতিবিলম্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট জালিয়াতির জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের করব।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া।

পূর্ববর্তী নিবন্ধলালখান বাজারে সন্ত্রাসী হামলায় যুবক আহত
পরবর্তী নিবন্ধপরিবর্তন আসছে পরীক্ষা পদ্ধতিতে