এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। মেলার সার্বিক প্রস্তুতি গতকাল বুধবার পরিদর্শন করেছেন ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটন।
পরিদর্শনকালে তিনি প্রকাশনা সংস্থাগুলোর স্টল তৈরির কাজ, মেলায় প্রতিদিনের অনুষ্ঠেয় আলোচনা সভার মঞ্চের স্থানসহ মাঠের পুরো এলাকা ঘুরে দেখেন। বইমেলা যেহেতু অমর একুশকে ঘিরে তাই মেলার মঞ্চ, বরাদ্দপ্রাপ্ত স্টলসজ্জা যাতে ভাষা দিবসের ইতিহাস ঐতিহ্য সম্পর্কিত হয় সে বিষয়ে মেলা কমিটির সদস্যদের দৃষ্টি রাখতে নির্দেশনা দেন তিনি। মেলায় আগত পাঠকদের সুবিধার্থে মেলা প্রাঙ্গণে ধুলাবালি নিবারণে পানি ছিটানো, সার্বক্ষণিক জেনারেটর ও ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা রাখা উচিত বলে অভিমত ব্যক্ত করেন।
উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি মেলার সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন সকাল ১১টার পরিবর্তে বিকেল ৩টায় জিমনেসিয়াম সংলগ্ন মেলা অফিসে অনুষ্ঠিত হবে। ২০ ফেব্রুয়ারি বিকাল ৩টায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ মেলা উদ্বোধন করবেন। উদ্বোধনী দিনে আলোচনা সভায় সভাপতিত্ব করবেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।
পরিদর্শনকালে চসিক শিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও মেলা কমিটির আহ্বায়ক কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, কাউন্সিলর জহর লাল হাজারী, লায়ন মোহাম্মদ ইলিয়াছ, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, কর্পোরেশনের উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।













